যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনের একটি বিশ্ববিদ্যালয় এনভিডিয়ার উন্নত এইচ২০০ চিপ সংগ্রহ করেছে বলে নথিপত্রে জানা গেছে। এই বিশ্ববিদ্যালয়টির সাথে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংশ্লিষ্টতা রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে এনভিডিয়া এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ওয়াশিংটনের কঠোর নজরদারির মুখে পড়েছেন। চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য লবিং করার অভিযোগ রয়েছে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে। এছাড়া, তিনি চীনের একটি গুপ্তচরবৃত্তির লক্ষ্যবস্তু হয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।