চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য লালদিয়া টার্মিনালের নকশা উন্মোচন করেছে এপিএম টার্মিনালস। এটি সম্পন্ন হলে বাংলাদেশে শতভাগ বিদেশি বিনিয়োগে নির্মিত প্রথম কন্টেইনার টার্মিনাল হিসেবে যাত্রা শুরু করবে।
প্রকল্পটির নকশা অনুযায়ী, টার্মিনালটি বছরে ৮ লাখ টিইইউ (TEUs) কন্টেইনার হ্যান্ডেল করতে সক্ষম হবে। এর ফলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি পাবে। এই টার্মিনাল চালু হলে বন্দরের যানজট হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক খরচ কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাস থেকে এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।